সুরাজ উদ্দিন মন্ডল : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই বারবার বিতর্কের মুখে পড়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এ বার সরাসরি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন তিনি। সম্প্রতি এক গুগল মিটে ভার্চুয়াল বৈঠকে অধ্যাপকদের তিনি এমনটাই বলেছেন বলে অভিযোগ। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই অডিয়ো ক্লিপ। শুধু তাই নয়, অধ্যাপকদের কটূক্তি করতেও শোনা যায় তাঁকে। এই ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বভারতীতে।
সূত্রের খবর, গত ১৫ মার্চ গুগল মিটে বিশ্বভারতীর অধ্যাপকদের সঙ্গে একটি বৈঠকে ছিলেন উপাচার্য। বৈঠকে শুরু থেকেই তাঁর মেজাজ ছিল চড়া। বিদ্যুৎ একের পর এক অশালীন মন্তব্য করতে থাকেন বলে অভিযোগ। কয়েক জন অধ্যাপকের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগও তোলেন। তাঁদের ভিতু বলে মন্তব্য করেন বিদ্যুৎ। তারপরেই তিনি বলেন, “বিশ্বভারতী যাতে বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থা আমি করে দিয়ে যাব। আমি কাউকে ধমকি দিচ্ছি না।” অডিও ক্লিপ গুলি ইতিমধ্যেই ভাইরাল। তার পাশাপাশি সেই অডিও ক্লিপে অধ্যাপকদের তিনি নানাভাবে হুঁশিয়ারিও দেন। তিনি বলছেন, ‘আমি এখানে চোর ডাকাত ধরে বের করে দিচ্ছি তাই সবার আমার উপর রাগ।’ ভাইরাল হওয়া অডিও ক্লিপে তিনি আরও বলছেন, “বিশ্বভারতী চোর ডাকাতের আড্ডা হয়ে গিয়েছে। নইলে অনুব্রত মণ্ডল বলতে পারে উপাচার্য পাগল। আর আপনারা সেটা মেনে নেন। আমি আসার পর থেকেই সেই সব চোর ডাকাতদের ধরছি। তাই অনেকের এত অসুবিধা হচ্ছে।” অধ্যাপকদের তিনি এও বলেছেন যে, ‘কিছু ব্যাড এলিমেন্ট আছে তাদের আমি তাড়াবো।’ আর সেই কারণেই , তাঁর বিরুদ্ধে সবাই চক্রান্ত করছে বলে অভিযোগ বিদ্যুতের। কিন্তু এ ভাবে তাঁকে দমিয়ে রাখা যাবে না বলেই জানিয়েছেন উপাচার্য।
বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী আগেও বার বার বিতর্কে জড়িয়েছেন। কখনও অধ্যাপক, অধ্যাপিকাদের কটূক্তি করে বা কখনও নোবেলজয়ী অর্মত্য সেনের মতো ব্যক্তিত্বের প্রতি বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন।
সম্প্রতি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে বিশ্বভারতীর জমি দখল করে রাখার অভিযোগকে ঘিরে বিতর্কে জড়ান উপাচার্য।
বিশ্বভারতীতে পৌষমেলার মাঠ থেকে ক্যাম্পাসের চারিদিকে পাঁচিল তোলা নিয়ে দীর্ঘদিন ধরে জেলা প্রশাসনের সঙ্গে ঝামেলা চলছে বিশ্বভারতী কর্তৃপক্ষের। এই পাঁচিল তোলা নিয়ে আবাসিকরাও তাঁর বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছেন।
এরপর ১৫ তারিখের বৈঠকের অডিও ক্লিপ ভাইরাল হয়ে যাওয়ায় ফের সমালোচনার মুখে পড়েছেন বিদ্যুৎ।
2 মন্তব্যসমূহ
জানোয়ার একটা
উত্তরমুছুনekdm
মুছুন